দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে মিসরের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে ইরান ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত একদিন থাকার অনুমতি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ফলে নির্ধারিত সময়ের তুলনায় একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে দলটি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচের জন্য ইরান দলকে ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
তবে ম্যাচ শেষে রাতযাপন করার অনুমতি এখনো পাবে না ইরান। ম্যাচ শেষ হওয়ার দিনই দেশটি ছাড়তে হবে দলটিকে।
স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র বলেন, ‘ইরান দলের তৃতীয় ম্যাচের জন্য তাদের ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেওয়া হয়েছে।’
কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি বিভাগটি। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এবং কূটনৈতিক আলোচনার মধ্যেই এই পরিবর্তন এলো।
ওই মুখপাত্র আরও বলেন, ‘ইরান দলকে এখনো ম্যাচ শেষ হওয়ার দিনই চলে যেতে হবে। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রটোকল অপরিবর্তিত রয়েছে। খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের জন্য সবচেয়ে নিরাপদ আসর আয়োজনের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বিশ্বকাপ চলাকালে ইরান দলের প্রতি আয়োজক দেশের আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন দেশটির খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে তিনটি ম্যাচ খেললেও ইরানকে নিজেদের ঘাঁটি স্থাপন করতে হয়েছে মেক্সিকোতে।
নিরাপত্তার কারণ দেখিয়ে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইঙ্গিত দিলেও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড়দের অবস্থান কীভাবে হুমকি সৃষ্টি করতে পারে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
গত সপ্তাহে ইরানের প্রধান প্রশিক্ষক আমির ঘালেনোই তার দলক ‘পুরো বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল’ বলে মন্তব্য করেন।
নিয়মিত যাতায়াতের কারণে ম্যাচের আগের দিন অনুশীলন সেশনও মিস করতে হয়েছে ইরানকে। ম্যাচ শেষের পর দ্রুত দেশ ছাড়ার বাধ্যবাধকতা পুনরুদ্ধার কর্মসূচিতেও প্রভাব ফেলেছে বলে জানান ঘালেনোই।
লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নির্দেশিকা দলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
ঘালেনোই বলেন, ‘এ ধরনের আচরণ ফুটবলের চেতনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। আমরা জিতি বা হারি, এটি খুব কঠিন একটি অনুভূতি।’
বিশ্বকাপ ঘিরে ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নীতিরও সমালোচনা করেছেন অনেক সমর্থক ও অধিকারকর্মী। টুর্নামেন্ট শুরুর আগে পুরস্কারপ্রাপ্ত সোমালি রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, যদিও তিনি আসরে দায়িত্ব পালনের জন্য নির্ধারিত ছিলেন।
দুই ম্যাচ শেষে ইরানের সংগ্রহ দুই পয়েন্ট। মিসরের বিপক্ষে জয় পেলে তারা নিশ্চিতভাবে ৩২ দলের নকআউট পর্বে জায়গা করে নেবে। ড্র করলেও অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে পরবর্তী পর্বে ওঠার সুযোগ থাকবে।
অন্যদিকে চার পয়েন্ট নিয়ে ম্যাচে নামবে মিসর। জয় পেলে তারা গ্রুপসেরা হিসেবে শেষ করবে। ড্র করলেও নকআউট পর্ব নিশ্চিত হবে তাদের। এমনকি হারলেও অন্য ফলের ওপর নির্ভর করে পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা থাকবে।
বিশ্বকাপের গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। পাশাপাশি ১২টি গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে সেরা আট দলও জায়গা পাবে ৩২ দলের পরবর্তী পর্বে।
/অ